Sunday 31 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন দিনে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ করেছে দক্ষিণ সিটি

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৬ ১৫:৩২ | আপডেট: ৩১ মে ২০২৬ ১৫:৩৭

রোববার নগর ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম – ছবি : সংগৃহীত

ঢাকা: পবিত্র ঈদুল আজহার টানা তিন দিনে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি পরিমাণ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ঈদের দিন থেকে শুরু করে গত শনিবার (৩০ মে) রাত ১২টা পর্যন্ত মাতুয়াইল ল্যান্ডফিলে মোট ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে। অথচ এই বছর প্রাথমিক বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৩ হাজার ৯৪২ টন।

রোববার (৩১মে) দুপুরে, নগর ভবনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এই সফল কর্মযজ্ঞের বিস্তারিত তথ্য তুলে ধরেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, ঈদের দিন ১৪ হাজার ৮১৪ টন, দ্বিতীয় দিন ৮ হাজার ৯৭৭ টন ও তৃতীয় দিন ১২ হাজার ২৯৫ টন বর্জ্য মাঠপর্যায় থেকে অপসারণ করা হয়েছে। তিনি আরও বলেন, এই বিশাল বর্জ্য ব্যবস্থাপনা সফল করতে ডিএসসিসির নিজস্ব ও পিসিএসপিসহ মোট ১৩ হাজার ৪৫৩ জন পরিচ্ছন্নতাকর্মী মাঠপর্যায়ে দিনরাত কাজ করেছেন এবং বর্জ্য পরিবহনে ৩৮২টি বিশেষ যান-যন্ত্রপাতিসহ মোট ২ হাজার ১১৭টি ছোট-বড় গাড়ি ব্যবহার করা হয়েছে। এছাড়া গত তিন দিনে ডিএসসিসি নির্ধারিত ৩৫৭টি স্থানে মোট ১৭ হাজার ৩১৫টি পশু কোরবানি করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই বিশাল কার্যক্রম সফল করতে সিটি করপোরেশনের পাশাপাশি সচেতন নাগরিকদের একটি বড় ভূমিকা ছিল। ঈদের আগে থেকেই সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে ৭৫টি ওয়ার্ডে ৪৬ টন ব্লিচিং পাউডার, ২১০ গ্যালন বা ১০৫০ লিটার স্যাভলন এবং এক লাখ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়। নাগরিকেরা নিজ উদ্যোগে বর্জ্য ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রেখে পরিচ্ছন্নতাকর্মীদের দারুণ সহযোগিতা করেছেন।

তবে কোরবানির ১১টি অস্থায়ী পশুর হাটের বর্জ্য অপসারণে শর্ত অনুযায়ী ইজারাদাররা নির্ধারিত সময়ে কাজ না করায় ব্রিফিংয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। জনভোগান্তি এড়াতে সিটি করপোরেশন নিজ দায়িত্বে এসব হাটের বর্জ্য অপসারণ করেছে, যা সামগ্রিক কার্যক্রমকে কিছুটা শ্লথ ও চ্যালেঞ্জিং করেছিল। এর পরিপ্রেক্ষিতে শর্তভঙ্গকারী ইজারাদারদের জামানত বাজেয়াপ্ত ও কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আগামী বছর থেকে হাটের জামানতের অঙ্ক উল্লেখযোগ্য হারে বাড়ানোর ঘোষণাও দেওয়া হয়েছে। বর্জ্য অপসারণের মূল কার্যক্রম শেষ হলেও মাঠপর্যায়ে এখনো তদারকি টিম সক্রিয় রয়েছে এবং কোথাও কোনো বর্জ্য জমে থাকতে দেখলে তাৎক্ষণিক ডিএসসিসির ০১৭০৯৯০০৮৮৮ এবং ০২-২২৩৩৮৬০১৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।