কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সেনাসদস্য বহনকারী একটি বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাসদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জিয়াউল ইসলাম (৪৫)। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার সময় তিনি হিমেল পরিবহনের যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হিমেল পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনা থেকে জামালপুরের উদ্দেশে যাচ্ছিল। অপরদিকে ঈদের ছুটি শেষে বগুড়া ক্যান্টনমেন্ট থেকে সেনাসদস্যদের নিয়ে একটি বাস খুলনার জাহানাবাদ সেনানিবাসে যাচ্ছিল। পথিমধ্যে তালবাড়ীয়া এলাকায় পৌঁছালে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাস দুমড়ে-মুচড়ে যায় এবং বহু যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জিয়াউল ইসলামকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, দুর্ঘটনায় আহত অনেককে হাসপাতালে আনা হয়েছে। একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আহত সেনাসদস্য মেহেদী হাসান জানান, তারা বগুড়া থেকে খুলনার জাহানাবাদ সেনানিবাসে এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে যোগদানের উদ্দেশে রওনা দিয়েছিলেন। হঠাৎ বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হলে বাসে থাকা প্রায় সবাই আহত হন।
হিমেল পরিবহনের যাত্রী জীবন ইসলাম বলেন, আমি চাকরির পরীক্ষায় অংশ নিতে খুলনা থেকে জামালপুর যাচ্ছিলাম। হঠাৎ দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসে প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রী ছিলেন।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আল ওবায়েদ বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ পরিচালনা করে আহতদের হাসপাতালে পাঠায়।
কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানান, সেনাসদস্যবাহী বাসটিতে ৪০ থেকে ৪২ জন নতুন রিক্রুট সেনাসদস্য ছিলেন। তাদের মধ্যে অনেকেই আহত হয়েছেন। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া একজন বেসামরিক যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।