Saturday 30 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়ায় চলচ্চিত্র প্রদর্শনীতে বাধা: ঢাবি চলচ্চিত্র সংসদের প্রতিবাদ

ঢাবি করেস্পন্ডেন্ট
৩০ মে ২০২৬ ১১:০৪ | আপডেট: ৩০ মে ২০২৬ ১৪:৫৩

– ছবি : সংগৃহীত

ঢাবি: ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী আয়োজনকে কেন্দ্র করে বাধা প্রদান এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপের অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

শুক্রবার (২৯ মে) সংগঠনটির দফতর সম্পাদক আবরার নাদিম মুমশাদ-এর সই করা এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের একটি প্রদর্শনীর আয়োজন করলে ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদ’ নামের একটি সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার ও ভীতি প্রদর্শনের মাধ্যমে উক্ত আয়োজনে বাধা দেওয়ার চেষ্টা চালায়। এর ফলে আয়োজকরা নির্ধারিত ভেন্যু অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের অনুমতিও হারায়।

বিজ্ঞাপন

প্রতিবাদলিপিতে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ গভীর ক্ষোভ প্রকাশ করে জানায়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে চলচ্চিত্র প্রদর্শনীসহ সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চার বিরুদ্ধে কিছু উগ্রবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, অতীতেও এমন ধর্মান্ধ গোষ্ঠীর আন্দোলনের কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে সিনেমা হলগুলো বিলুপ্ত হয়ে গিয়েছিল। বর্তমানে একই ধরনের শক্তি তরুণদের সাংস্কৃতিক বিকাশ বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

সংগঠনটি এ ঘটনাকে দেশের সাংস্কৃতিক স্বাধীনতার ওপর আঘাত হিসেবে উল্লেখ করে ‘ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি’র দৃঢ় অবস্থানের প্রশংসা জানায় এবং তাদের আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে।

একইসঙ্গে স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের নিরাপদ ও নির্বিঘ্ন প্রদর্শন নিশ্চিত করতে বিকল্প ভেন্যু ও প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের দাবি জানানো হয়। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা প্রদানকারী মৌলবাদী গোষ্ঠীর বিরুদ্ধে যথাযথ জবাবদিহিতা ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।