Thursday 28 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিতা-মাতা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৬ ১২:০৯ | আপডেট: ২৮ মে ২০২৬ ১৭:১০

– ছবি : সংগৃহীত

ঢাকা: জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায়ের পর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মাতা বেগম খালেদা জিয়া ও ছোট ভাই আরাফাত রহমান কোকো ও শ্বশুড় মাহবুব আলী খানের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ছয়টায় গুলশানের বাসা থেকে হাইকোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে সাতটায় জাতীয় ঈদগাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানবিচারপতি জুবায়ের রহমান চৌধুরীসহ ৩৫হাজার মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন তিনি। নামাজের পরে দেশ ও জাতির সুখ-শান্তি কামনা করে দোয়া মোনাজাতে অংশ নেন।

এরপর প্রধানমন্ত্রী সেখান থেকে শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে অবস্থিত নিজের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। কবরের পাশে দাড়িয়ে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন। এসময় তার সঙ্গে ছিলেন, স্ত্রী জুবাইদা রহমান।

বিজ্ঞাপন

– ছবি : সংগৃহীত

স্ত্রীসহ প্রথমে ফাতেহা পাঠ দোয়ার পর দলের সিনিয়র নেতা ও সহকর্মীদের নিয়ে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া মোনাজাত করেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন,  প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি প্রমুখ।

পরে সেখান থেকে প্রধানমন্ত্রী সরাসরি চলে যান বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবরের কাছে। সেখানে দাড়িয়ে স্ত্রী জুবাইদা রহমানসহ ছোট ভাইয়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এরপর বনানীর সামরিক কবরস্থানে প্রধানমন্ত্রী তার শ্বশুড় মরহুম রিয়াল অ্যাডমিরাল (অব:) মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন।