চট্টগ্রাম: পবিত্র ঈদুল আজহার দিনে চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ্ ময়দানে বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ্ মসজিদের খতিব হযরতুল আল্লামা আলহাজ সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। একই স্থানে সকাল ৮টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক।
নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ নাগরিকদের সাথে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায় করেন, বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সাঈদ আল নোমান এমপি, মোহাম্মদ আবু সুফিয়ান এমপি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

– ছবি : সারাবাংলা
মুসল্লিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পুরো এলাকায় ১৪০টি সিলিং ফ্যান, ৬০টি স্ট্যান্ড ফ্যান ও ৭০টি মাইকের ব্যবস্থা করা হয়। নিরাপত্তা নিশ্চিতে স্থাপন করা হয় ৩০টি সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করেন। একই স্থানে সকাল ৮টায় অনুষ্ঠিত দ্বিতীয় জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ্ মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক।
এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরীর ৯টি মসজিদে সকাল ৮টায় পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে আরেকটি প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সেখানে ইমামতি করেন বায়তুশ শরফ আদর্শ সিনিয়র কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান।
ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানিতে অংশ নেন।