Thursday 28 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ আনন্দ মাঝেই পালিত হচ্ছে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৬ ১০:২৫ | আপডেট: ২৮ মে ২০২৬ ১৩:৩৫

– ছবি : সংগৃহীত

ঢাকা: বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার আনন্দের পাশাপাশি সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস। দেশের প্রতিটি প্রান্তে যখন ঈদের উৎসব উদযাপিত হচ্ছে, তখন একই দিনে এই গুরুত্বপূর্ণ দিবসটি পালন করা হচ্ছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা দিবসটির তাৎপর্য নিয়ে কাজ করলেও ঈদের ছুটির কারণে নির্ধারিত কর্মসূচিগুলো ছুটির পরে পালন করা হবে।

নিরাপদ মাতৃত্ব দিবস পালনের মূল লক্ষ্য হলো মাতৃস্বাস্থ্য সুরক্ষা, মাতৃমৃত্যুর হার কমানো এবং নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিত করা। একজন নারী গর্ভধারণের পর থেকে সন্তান জন্ম দেওয়া পর্যন্ত যথাযথ স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রাখেন। চিকিৎসকদের মতে, কেবল মায়ের নয়, গর্ভকালীন প্রতিটি মুহূর্তে অনাগত শিশুর বিশেষ যত্ন নেওয়া জরুরি। গর্ভকালীন এই সেবার মাধ্যমে মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি জটিলতা প্রতিরোধ এবং সময়মতো চিকিৎসা প্রদান করা সম্ভব। একটি সুস্থ শিশু জাতিকে উপহার দেওয়ার লক্ষ্যেই এই সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়।

বিজ্ঞাপন

১৯৯৭ সাল থেকে বাংলাদেশ সরকার নিয়মিতভাবে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস পালন করে আসছে। পরবর্তীতে ২০১৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই উদ্যোগকে টেকসই উন্নয়ন লক্ষ্যের অন্তর্ভুক্ত করে। সরকারি ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠনের নিরলস প্রচেষ্টায় দেশে মাতৃমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ঈদের উৎসবের পাশাপাশি মাতৃস্বাস্থ্যের সুরক্ষা ও সচেতনতার বার্তাটি আজকের দিনে নতুন মাত্রা যোগ করেছে।

সারাবাংলা/এফএন/এসআর