ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন। দলের আহ্বায়ক থেকে শুরু করে নীতি-নির্ধারণী পর্যায়ের নেতাদের নামাজের স্থান ও সময় চূড়ান্ত করা হয়েছে।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, জনসম্পৃক্ততা বজায় রাখতে নেতারা ঢাকা ও নিজ নিজ নির্বাচনী এলাকায় সাধারণ মুসল্লিদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।
দলের আহ্বায়ক নাহিদ ইসলাম পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন তার নির্বাচনি এলাকা রাজধানী ঢাকার বেরাইদ জামে মসজিদে। নামাজ শেষে নিজ বাসায় কোরবানি সম্পন্ন করে বিকেলে স্থানীয় জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। সন্ধ্যায় তিনি রাজধানীর বাংলামটর এলাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পারেন।
এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন এবার ঈদুল আজহা উদযাপন করবেন তার নির্বাচনি এলাকার জনগণের সঙ্গে। তিনি রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বরুয়াহাট রহমানিয়া ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন এবং পরবর্তীতে এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন।
কুমিল্লার দেবিদ্বার থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার নির্বাচনি এলাকার গোপালনগর কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। ঈদের দিন বিকেলে তিনি সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এলাকায় আয়োজিত বিভিন্ন প্রীতি সম্মেলনে অংশ নেবেন।
নোয়াখালীর হাতিয়া থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের কনিষ্ঠ সদস্য ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হান্নান মাসউদ তার সংসদীয় আসন হাতিয়াতে ঈদের আনন্দ ভাগ করে নেবেন।
এছাড়া দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী ও দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজধানীর জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঈদের দিন বিকেল থেকে ঢাকায় অবস্থানরত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্থা শারমিন ও নারীশক্তির প্রধান মনিরা শারমিন এবার ঢাকায় পরিবারের সঙ্গে ঈদ ও কোরবানি উদযাপন করবেন।