ঢাকা: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গুম, খুন ও আন্দোলনে শহীদ হওয়া বিএনপি নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় তার রাজনৈতিক কার্যালয়ে এসব পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন তিনি।
অনুষ্ঠানে গুম, খুন ও শহীদ হওয়া নেতাকর্মীদের স্বজনদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন আমিনুল হক। তাদের বর্তমান অবস্থা, পারিবারিক সংকট ও নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি। এ সময় তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে আত্মত্যাগকারী নেতাকর্মীদের পরিবার কখনো একা নয়; বিএনপি সবসময় তাদের পাশে থাকবে।
তিনি আরও বলেন, যারা গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের আন্দোলনে জীবন দিয়েছেন কিংবা গুম-নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পরিবারের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে। ঈদের আনন্দ যেন তাদের ঘরেও পৌঁছায়, সেই মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই সামান্য উদ্যোগ।
এ সময় স্বজন হারানো পরিবারগুলোর সদস্যরাও সহমর্মিতা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।