Tuesday 26 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুকে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের গুজব, ডিএমপি’র দাবি ভিত্তিহীন

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৬ ১৫:১৪

– ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর উত্তরায় স্বামীর সঙ্গে ঈদের মার্কেট করতে এসে, স্বামীকে বেঁধে রেখে সংঘবদ্ধ ধর্ষণে অজ্ঞান স্ত্রী- সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এনএম নাসিরুদ্দিন।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে তিনি এ কথা জানান।

তিনি বলেন, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাচাই-বাছাই ও অনুসন্ধানে এ ধরনের কোনো ঘটনা উত্তরা এবং ঢাকা মহানগরী কিংবা বাংলাদেশের কোথাও সংঘটিত হওয়ার তথ্য পাওয়া যায়নি। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো এবং সামাজিক অস্থিরতা তৈরির অপচেষ্টা হিসেবে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এ ধরনের গুজব ছড়াচ্ছে।

বিজ্ঞাপন

ডিসি নাসিরুদ্দিন বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন পুরোনো, সাজানো কিংবা ভিন্ন দেশের ভিডিও বাংলাদেশে ঘটেছে বলে প্রচারের একাধিক ঘটনা আন্তর্জাতিক ও দেশীয় ফ্যাক্টচেক সংস্থাগুলো মিথ্যা বলে শনাক্ত করেছে।

তিনি আরও বলেন, জনসাধারণকে এ ধরনের বিভ্রান্তিকর পোস্ট, ভিডিও ও গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। কোনো তথ্য শেয়ার করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নির্ভরযোগ্য গণমাধ্যম থেকে সত্যতা যাচাই করার আহবান জানানো হচ্ছে। একই সঙ্গে গুজব ও অপপ্রচার ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার সঙ্গে জড়িতদের সনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ জানান তিনি।