Tuesday 26 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম চেম্বারের সভাপতি হলেন আমিরুল হক

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৬ ০৯:১৭

– ছবি : কোলাজ ও সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রামের ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আমিরুল হক। এ ছাড়া সিনিয়র সহসভাপতি পদে আমজাদ হোসাইন চৌধুরী এবং সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মশিউল আলম স্বপন।

চেম্বার সূত্র জানায়, সোমবার (২৫ মে) সকালে নগরীর আগ্রাবাদ এলাকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বার কার্যালয়ে নতুন প্রেসিডিয়াম গঠনের লক্ষ্যে পরিচালকদের সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ী পরিচালকরা চেম্বারকে নেতৃত্ব দিতে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন করেন। এর আগে, গত ২৩ মে চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ২৪ পরিচালক পদে ইউনাইটেড বিজনেস ফোরাম নামের প্যানেলটি জয়লাভ করে।

বিজ্ঞাপন

নির্বাচনে ২৪ সদস্যের মধ্যে ছয়জন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন- ট্রেড গ্রুপ শ্রেণিতে মোহাম্মদ আখতার পারভেজ, মোহাম্মদ আমিরুল হক ও এস এম সাইফুল আলম। অন্যদিকে টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে আফসার হাসান চৌধুরী, মোহাম্মদ মনির উদ্দিন ও মোহাম্মদ সজ্জাদ উন নবাজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।

পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন- কামাল মোস্তফা চৌধুরী, এ এস এম ইসমাইল খান, আবু হায়দার চৌধুরী, মো. আমজাদ হোসাইন চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী, আসাদ ইফতেখার, আমান উল্লা আল ছগির, মো. গোলাম সরওয়ার, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ শফিউল আলম, মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী ও শহীদুল আলম।

অন্যদিকে সহযোগী শ্রেণিতে মো. জাহিদুল হাসান, মো. নুরুল ইসলাম, মো. সেলিম নুর, সরোয়ার আলম খান, মোহাম্মদ মশিউল আলম এবং মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। এর মধ্যে ইউনাইটেড বিজনেস ফোরাম নির্বাচনে অংশ নেয়। প্যানেলটির নেতৃত্বে ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও সিকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক।

নবনির্বাচিত সভাপতি মো. আমিরুল হক বলেন, চেম্বারের আর্থিক শৃঙ্খলা পুনরুদ্ধার এবং প্রতিষ্ঠানটিকে আত্মমর্যাদাশীল সংগঠন হিসেবে গড়ে তোলা নতুন পরিচালনা পর্ষদের অগ্রাধিকার। দীর্ঘদিন পর ব্যবসায়ীদের সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচনের এ ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।