ঢাকা: আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে উৎপাদন সক্রিয় থাকা দেশের তৈরি পোশাক কারখানাগুলোর মধ্যে প্রায় ৯৫ শতাংশ কারখানায় উৎসব ভাতা বা বোনাস পরিশোধ করা হয়েছে।
সোমবার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
সংগঠনটির পক্ষ থেকে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে মোট ২ হাজার ১৩৩টি পোশাক কারখানা সচল বা চালু রয়েছে, যার মধ্যে ঢাকায় ১ হাজার ৭৯৪টি এবং চট্টগ্রামে ৩৪০টি। চালু থাকা এই কারখানাগুলোর মধ্যে এখন পর্যন্ত ঈদ বোনাস পরিশোধ করেছে মোট ২ হাজার ২১টি প্রতিষ্ঠান, যা শতকরা হিসেবে মোট সচল কারখানার ৯৪ দশমিক ৭০ শতাংশ। এর মধ্যে ঢাকার ১ হাজার ৭০৯টি এবং চট্টগ্রামের ৩১২টি পোশাক কারখানা তাদের শ্রমিকদের বোনাস বুঝিয়ে দিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ আরও জানায়, ঈদ উপলক্ষ্যে চলতি মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে মোট ৭৬৭টি কারখানা, যা শতকরা হিসাবে মোট কারখানার ৩৫ দশমিক ৯৪ শতাংশ। এছাড়া গত এপ্রিল মাসের বকেয়া বেতন ইতোমধ্যে পরিশোধ করেছে ২ হাজার ১১৭টি কারখানা, যা শতকরা হারে ৯৯ দশমিক ২০ শতাংশ।