Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুপুর ১টার মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৬ ১১:৩৮

ছবি: সংগৃহীত

ঢাকা: সারাদেশের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে সোমবার (২৫ মে) একটি বিশেষ পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অধিদফতর। ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এই পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য সকাল ৭ থেকে পরবর্তী ৬ ঘণ্টার একটি পৃথক পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেখানে জানানো হয়েছে, ঢাকা ও আশপাশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। এই সময়ে ঢাকার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

এছাড়া আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর