পিরোজপুর: জেলার মঠবাড়িয়া উপজেলায় মাত্র ২ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার (২৪ মে) উপজেলার ধানীসাফা ও টিকিকাটা ইউনিয়নে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে একটি ঘটনায় জড়িত সন্দেহে ২জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৪ মে) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ২ নম্বর ধানীসাফা ইউনিয়নের বাসিন্দা ইউসুফ শরীফ (৩৫) নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলার শিকার হন। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে একই দিনে উপজেলার ৬ নম্বর টিকিকাটা ইউনিয়নে রেডিমেড কাপড় ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (২৬) দুর্বৃত্তদের হামলায় নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, ইউসুফ শরীফ হত্যা ঘটনায় জড়িত সন্দেহে এরইমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। দুটি হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
তিনি বলেন, ‘ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।’