Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদুল আজহা উপলক্ষ্যে হিলি স্থলবন্দর ৭ দিন বন্ধ

লোকাল করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৬ ১৩:৫৬ | আপডেট: ২৪ মে ২০২৬ ১৩:৫৯

হিলি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টদের যাবতীয় ব্যবসায়িক কার্যক্রম টানা ৭ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ছুটির আওতামুক্ত থাকবে পাসপোর্টধারী যাত্রী পারাপার।

রোববার (২৪ মে) হিলি কাস্টমস্ সিঅ্যান্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। হিলি স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার বরাবর এরই মধ্যে এ সংক্রান্ত একটি দাফতরিক চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদ্‌যাপন উপলক্ষ্যে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত হিলি স্থল শুল্ক স্টেশনের সিঅ্যান্ডএফ এজেন্টদের সকল প্রকার দাফতরিক ও ব্যবসায়িক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। ঈদের ছুটি শেষে ১ জুন (সোমবার) থেকে সিঅ্যান্ডএফ এজেন্টদের সকল কার্যক্রম পুনরায় যথারীতি চালু হবে।

সিঅ্যান্ডএফ এসোসিয়েশন সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আযহার আনন্দ যেন এই খাতের সকল শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা পরিবারের সাথে সুন্দরভাবে উদ্‌যাপন করতে পারেন, সেজন্যই যৌথভাবে এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ছুটি শেষে শুল্ক স্টেশনের আমদানি-রফতানি ও পণ্য খালাস প্রক্রিয়া আবার পুরোদমে সচল হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, বন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের পারাপার সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। তাছাড়া ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম সপ্তাহের সাত দিনই চালু থাকে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর