Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পটুয়াখালীতে শিশুদের যৌন হেনস্তার অভিযোগে ইমামকে গণপিটুনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৬ ০৯:৩৮

পটুয়াখালী: পটুয়াখালীর মহিপুরে মসজিদের মক্তবে পড়তে আসা শিশুদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে স্থানীয় মসজিদের ইমাম বেল্লাল হোসেন (২৮) এর বিরুদ্ধে। অভিযোগকে কেন্দ্র করে শনিবার (২৩ মে) স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে গণধোলাই দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেয়।

মহিপুর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফুর রহমান জানান, এ ঘটনায় ভুক্তভোগী এক অভিভাবকের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি গ্রহণ করে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের দিয়ারআমখোলা পাড়া গ্রামের একটি মসজিদে প্রতিদিন সকালে শিশুরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে আসত। অভিযোগ রয়েছে, ইমাম দীর্ঘদিন ধরে মক্তবে পড়তে আসা শিশুদের ভয়ভীতি দেখিয়ে ও ফুসলিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালাতেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে অভিভাবকরা বলেন, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের অভিযোগ অত্যন্ত নিন্দনীয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে, অভিযুক্ত মো. বেল্লাল হোসেনের কাছে অভিযোগের বিষয় জানতে চাইলে তিনটি বাচ্চার সঙ্গে বিভিন্ন সময় যৌন হেনস্তার কথা স্বীকার করেন। তবে স্থানীয়দের দাবি অন্তত পাঁচটি বাচ্চাকে যৌন হেনস্তা করেছেন তিনি।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম জানান, অভিযুক্ত ইমাম বেল্লাল হোসেন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর