Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া ভিসিরা কে কোথায়

কানজুল কারাম কৌষিক, ঢাবি করেসপন্ডেন্ট
২২ মে ২০২৬ ২৩:৩৩ | আপডেট: ২৩ মে ২০২৬ ০০:০৬

অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া বিশ্ববিদ্যালয়ের ভিসিরা। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য (ভিসি) পদে বড় ধরনের পরিবর্তন আসে। রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেয়। তবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর ফের বিশ্ববিদ্যালয় প্রশাসনে পরিবর্তনের ঢেউ শুরু হয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর  দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য (ভিসি) পদে রাজনৈতিক কারণে শূন্যতা তৈরি হয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিরা পদত্যাগ করতে শুরু করেন। আ.লীগ সরকার পতনের পরপরই অন্তত ১৩ জন ভিসি সরে দাঁড়ান। পরে শূন্য পদগুলোতে নতুন ভিসি নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। এসময় দেশের ৫৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। তবে বিএনপি সরকার গঠনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া ভিসিরা এখন একে একে পদত্যাগ করছেন অথবা অনেককে অব্যাহতি দেওয়া হচ্ছে। পদত্যাগ ও অব্যাহতি পাওয়া এই ভিসিরা বেশিরভাগই নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে আগের পদে ফিরে গেছেন। কেউ কেউ নতুন দায়িত্বেও যোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

নির্বাচনের আগেই সরে দাঁড়ান ঢাবি ভিসি

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দুইদিন আগে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি এক জরুরি সংবাদ সম্মেলন করে তৎকালীন ঢাবি উপাচার্য  অধ্যাপক নিয়াজ আহমেদ খান নিজ পদ থেকে সরে দাঁড়াতে চান। এরপর গত ১৭ মার্চ বিএনপি সরকার গঠন করলে বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষ পদে পরিবর্তনের পালা শুরু হয়। অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি উপাচার্য প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। নির্বাচিত সরকার গঠনের ১২ দিনের মাথায় পদত্যাগ করেন তিনি। পরবর্তীতে তাকে ড. ইউনূসের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

একযোগে ১১ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অব্যাহতি

গত ১৪ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১১টি পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি দেয়। একইসঙ্গে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপনও জারি করা হয়। অব্যাহতি পাওয়া ভিসিদের নিজ নিজ মূল পদে যোগদানের অনুমতি দেওয়া হয়।

অব্যাহতি পাওয়া ভিসিরা এখন কে কোথায়? –

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানকে অব্যাহতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে পূর্বের পদে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনকে অব্যাহতি দিয়ে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে মূল পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে দায়িত্বমুক্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিতে বলা হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক পদে পুনরায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

উপাচার্য ড. মো. আতিয়ার রহমানকে অব্যাহতি দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ জীববিজ্ঞান বিভাগে আগের পদে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলকে অব্যাহতি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দকে দায়িত্বমুক্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগে পূর্বের পদে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামানকে অব্যাহতি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে পুনরায় দায়িত্ব নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে অব্যাহতি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

উপাচার্য অধ্যাপক এস এম আব্দুল আওয়াল গত ১৬ মার্চ পদত্যাগ করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ে আগের পদে ফিরে না গিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সমন্বয়ক (এসডিজি) হিসেবে নতুন দায়িত্ব নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর