Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের আগে স্বস্তি ফিরেছে সবজি-ডিমের বাজারে

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ মে ২০২৬ ১২:৪৭ | আপডেট: ২২ মে ২০২৬ ১২:৫১

কাঁচাবাজার। ছবি: সারাবাংলা

ঢাকা: আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে সবজির দাম।

শুক্রবার (২২ মে) রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, সরবরাহ বাড়ার ফলে সব ধরনের সবজির দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে। বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দাম ডজনে ১০ থেকে ১৫ টাকা কমেছে।

রাজধানীর তালতলা ও আগারগাঁও বাজার ঘুরে দেখা গেছে, কাঁচামরিচ, ঢেঁড়স, পটল ও বরবটির মতো নিত্যপণ্যগুলো এখন তুলনামূলক কম দামে কিনতে পারছেন ক্রেতারা।

অন্যদিকে, মাছ ও মাংসের বাজারে দামের বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। অধিকাংশ মাছ আগের দামেই বিক্রি হচ্ছে। তবে আকার ও জাতভেদে ইলিশ মাছের দাম ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত দেখা গেছে। গরুর মাংস প্রতি কেজি ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজার ঘুরে দেখা গেছে যে, পাঙাশ ও তেলাপিয়ার মতো মাছের দাম কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে। সব মিলিয়ে ঈদের আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখার চেষ্টা করছেন ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

মাছ ব্যবসায়ী হোসেন মিয়া বলেন, মাছের সরবরাহ বাড়লে দাম কমে যায়। তিনি আরও বলেন, এখন মাছের দাম আগের মতোই রয়েছে এবং বাজারে চাহিদার তুলনায় সরবরাহ থাকলে দাম কিছুটা কমে।

মুরগি কিনতে আসা হাসিবুর রহমান বলেন, গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমেছে। ঈদের আগে এই দাম কিছুটা স্বস্তি দিচ্ছে।

ঈদের আগের এই কয়েক দিন সরবরাহ স্বাভাবিক থাকলে ক্রেতাদের ওপর চাপের পরিমাণ আরও কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর