Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে ১০ বছর পর সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২৬ ১০:০৬

ফরিদপুর: ফরিদপুরে প্রায় এক দশক আগে দায়ের হওয়া অস্ত্র মামলায় আদালতের দেওয়া ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মো. আনোয়ার হোসেন (৩৮) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ফরিদপুর সদর উপজেলার হাউজিং প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. আনোয়ার হোসেন (৩৮) রাজবাড়ী জেলার কোতোয়ালী থানার উত্তর দৌলতপুর এলাকার মো. আইয়ুব আলীর ছেলে।

র‌্যাব জানায়, ফরিদপুর কোতয়ালী থানার ২০১৬ সালের অস্ত্র আইনের একটি মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আনোয়ার হোসেনকে গত বছর ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। তবে তিনি ঘটনার পর থেকেই আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ফরিদপুর সদর উপজেলার হাউজিং প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, ফরিদপুর কোতয়ালী থানার অস্ত্র আইনের এ মামলায় আনোয়ার হোসেন একজন সাজাপ্রাপ্ত আসামি। মামলার পর থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন আত্মগোপনে থাকার বিষয়টি স্বীকার করেছেন। গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর