Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিটাল ও সামাজিক মাধ্যমে প্রতিবন্ধীদের যুক্ত করতে সরকারের নতুন উদ্যোগ

‎ ‎সিনিয়র করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ১৭:০১ | আপডেট: ২১ মে ২০২৬ ২০:৩৫

‎ঢাকা: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ডিজিটাল ও সামাজিক মাধ্যমে প্রতিবন্ধীদের যুক্ত করতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। মন্ত্রী জানান, প্রতিবন্ধীদের উন্নয়নে নতুন আইডিয়া নিয়ে কাজ করা হচ্ছে। একই অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে প্রতিবন্ধীদের জন্য নীতিমালা বাস্তবায়নে কাজ করছে সরকার।

‎বৃহস্পতিবার (২১ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা অডিটরিয়ামে এটুআই ও সামাজিক সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর যৌথ আয়োজন ১৫তম গ্লোবাল অ্যাকসেসেবিলিটি অ্যাওয়ারনেস ডে উদযাপন অনুষ্ঠানে এসব কথা জানান তারা। এবার দিবসটির প্রতিপাদ্য ‘ডিজাইন, ডেভেলপ, ডেলিভার: প্রতিটি ধাপে অ্যাক্সেসিবিলিটি’।

‎অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের বিশেষ প্রতিভা বের করে আনতে প্রকল্প আনছে সরকার। সেবামূলক প্রতিষ্ঠান সহ সকল অবকাঠামোতে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রবেশে বিশেষ ব্যবস্থা বাধ্যতামূলক করা হচ্ছে বলেও জানান তিনি।

‎অনুষ্ঠানে অন্যতম অতিথি ছিলেন সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপ এর সিনিয়র ডিরেক্টর ব্যারিস্টার আয়েশা তাহসিন খান। প্রান্তিক অঞ্চলে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের ভাগ্য উন্নয়ন এবং সমাজে তাদের অবস্থান সুসংহত করার তাগিদ দেন ফ্রেন্ডশিপ এর এই জেষ্ঠ পরিচালক।

‎এছাড়াও এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালনকারী অর্ধশতাধিক প্রতিবন্ধি ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিবর্গ। স্থানীয় পর্যায়ে এই দিবস উদযাপনের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের উপযোগী ওয়েব, মোবাইল অ্যাপ, ডিজিটাল সেবা ইত্যাদি সম্পর্কে অবগত হচ্ছে বলে জানান তারা। এর পাশাপাশি, সেবামূলক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের স্ব স্ব ডিজিটাল সেবা সহজীকরণের বিষয়ে আরও সচেতন এবং উৎসাহ অর্জন করবে বলে আশা করেন বক্তারা।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এনজে