ঢাকা: মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে ৩৫ জন নিহতের ঘটনায় ন্যায় বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নিহতদের পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে নিহতদের পরিবারের পক্ষে উসাই মং মারমা, আশিকুর রহমান ও রেজাউল করিম উপস্থিত ছিলন।
সংবাদ সম্মেলনে নিহতদের পরিবারের সদস্যরা বলেন, ২০২৫ সালের ২১ মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিশ্বস্তের ঘটনায় ২৮ জন শিশু শিক্ষার্থীসহ ৩৫ জন শহীদ এবং অনেক শিশু, কিশোর আহত হয়েছে। ওই ঘটনায় আমাদের পরিবারের সদস্যদের চোখের সামনে আমরা আমাদের নিষ্পাপ শিশুদের জ্বলন্ত আগুনে পুড়ে, দ্বিখণ্ডিত হয়ে যন্ত্রণায় কাতরাতে দেখেছি। অসহায় হয়ে তাদের মৃত্যুবরণ করতে দেখেছি। তারা শুধু আমাদের সন্তানই ছিল না, তারা আমাদের ভবিষ্যৎ চলার অবলম্বন এবং দেশ ও জাতির ভবিষ্যৎ। ওই দুর্ঘটনায় ঘটনায় কিছু কিছু অভিভাবক তাদের দুই সন্তান, একমাত্র সন্তান বা একমাত্র সন্তানকে হারিয়ে নিঃসন্তান ও নির্বংশ হয়েছে।
তারা বলেন, বিমান বিধস্তের ঘটনার পর থেকে আজ পর্যন্ত শহীদ পরিবার বিভিন্ন দফতর, তদন্ত কমিশনে, রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে যোগাযোগ করে ন্যায় চেয়েছি। বিচার প্রাপ্তির আশ্বাস পেয়ে দীর্ঘ প্রায় ১০ মাসেও ন্যায় বিচারের আশ্বাস বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে শহীদ পরিবার কোনো প্রকার অন্যায় বা আন্দোলন না করে শান্তিপূর্ণভাবে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতের শরণাপন্ন হই।
বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের বিষয় উল্লেখ করে তারা আরও বলেন, আমরা ন্যায় বিচার চাই। আমরা সুরক্ষা চাই। ন্যায় বিচারের জন্য আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।