ঢাকা: জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনের সময় চায়না রাইফেল ব্যবহার করে গুলি চালানোর কোনো নির্দেশ তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান দেন নি- বলে দাবি করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী।
বৃহস্পতিবার (২১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর-এর একক বেঞ্চে জেরা চলাকালে এ দাবি করেন স্টেট ডিফেন্স আইনজীবী এম হাসান ইমাম।
যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ চলাকালে ১৯ নম্বর সাক্ষী হিসেবে একজন পুলিশ কর্মকর্তা জবানবন্দি দেন।
সেই সাক্ষীর জেরায় আইনজীবী উল্লেখ করেন, আন্দোলন দমনে সংশ্লিষ্ট পুলিশ ইউনিটগুলোর ওপর অতিরিক্ত বলপ্রয়োগ বা গুলি চালানোর কোনো সর্বোচ্চ নির্দেশ ছিল না এবং চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশও দেননি তৎকালীন ডিএমপি কমিশনার।
তবে জবাবে ওই পুলিশ কর্মকর্তা আইনজীবীর এসব দাবিকে অস্বীকার করেন।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘একটি গুলি করি, একটি মরে, বাকিডি যায় না’- ডিসি ইকবাল-এর এমন বক্তব্যের ভিডিও ফুটেজ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে আইনজীবী দাবি করেন। তবে সাক্ষী এটিও অস্বীকার করেন।
মামলায় মোট আসামি ১১ জন। এর মধ্যে গ্রেফতার রয়েছেন যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হাসান ও সাবেক এসআই শাহাদাত আলী।
অন্যদিকে পলাতক আসামিদের মধ্যে আছেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারি জোনের সাবেক ডিসি ইকবাল হোসাইনসহ আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা।
রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা।