Wednesday 20 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

 শিক্ষাব্যবস্থার কারিকুলামে বড় পরিবর্তন আসছে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

স্টাফ করেস্পন্ডেন্ট
২০ মে ২০২৬ ১৮:৫৪

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ – ছবি : সংগৃহীত

ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী বাংলাদেশের শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়; বরং নেতৃত্ব, নাগরিক দায়িত্ববোধ, নৈতিকতা ও সামাজিক সচেতনতার মাধ্যমে বিশ্বমানের নেতৃত্বে গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। আর এই লক্ষ্য বাস্তবায়নে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থার কারিকুলামে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে।

বুধবার (২০ মে) ‘বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন’ আয়োজিত জাতীয় পর্যায়ে ‘হলদে পাখি নীলকমল অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, আগামী প্রজন্মকে দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, এর অংশ হিসেবে সরকার দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর মিড-ডে মিল চালুর কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করছে।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমি শুধু গার্ল গাইডসদের মধ্যে নয়, আগামী বাংলাদেশের ভবিষ্যৎ নেতাদের মধ্যে আছি। আমরা এমন একটি নতুন প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা শুধু বাংলাদেশে নয়, বরং বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে।’

এ কারিকুলামের রূপরেখা ও শিশুদের মনস্তত্ত্ব তুলে ধরে তিনি আরও বলেন, নতুন কারিকুলামে শিশুদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনভিত্তিক দক্ষতা শেখানো হবে। শিক্ষার্থীরা শিখবে, কীভাবে ভালো নাগরিক হতে হয় এবং নিজের স্কুল, ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হয় এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হয়। তিনি বলেন, শিশুদের বয়স মূলত আনন্দের মাধ্যমে শেখার। অতিরিক্ত মানসিক চাপ বা বড় বড় বই চাপিয়ে দেওয়ার সময় নয়। নতুন কারিকুলাম এমনভাবে সাজানো হচ্ছে, যাতে শিশুরা গল্প, সৃজনশীলতা ও আনন্দের মাধ্যমে সহজে শিক্ষা গ্রহণ করতে পারে।

প্রসঙ্গত, এ অনুষ্ঠানে নীলকমল অ্যাওয়ার্ডপ্রাপ্ত হলদে পাখির সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের অনন্য অর্জন দেশের অন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। এ সময় সারা দেশ থেকে মনোনীত মোট ৫৭ জন হলদে পাখি সদস্যকে মর্যাদাপূর্ণ ‘নীলকমল অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

এ সময় বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন-এর জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা, বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবক এবং পুরস্কারজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।