Wednesday 20 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্লট দখল মামলা
সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরুর আদেশ ৬ জুলাই

স্টাফ করেসপন্ডেট
২০ মে ২০২৬ ১৫:১৮

সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালাম মুর্শেদী – ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর গুলশান-২ এলাকার ২৭ কাঠা সরকারি প্লট দখল ও জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না, সে বিষয়ে আদেশ আগামী ৬ জুলাই দেওয়া হবে।

বুধবার (২০ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালাম শুনানি শেষে এ দিন ধার্য করেন।

সেদিন কারাগারে থাকা সালাম মুর্শেদীসহ আটক আসামিদের আদালতে হাজির করা হয়। জামিনে থাকা অন্যান্য আসামিরাও উপস্থিত ছিলেন।

আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানিয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত অভিযোগ গঠন সংক্রান্ত আদেশের জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।

বিজ্ঞাপন

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম, প্রকৌশলী এম আজিজুল হক, সাবেক উপপরিচালক (এস্টেট) মো. আজহারুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক মো. হাবিব উল্লাহ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান, এবং কক্সবাজারের রামুর মীর মোহাম্মদ হাসান ও তার ভাই মীর মো. নুরুল আফছারসহ আরও অনেকে।

মামলার নথি অনুযায়ী, গুলশান আবাসিক এলাকার সিইএন (ডি)-২৭ নম্বরের ২৭ কাঠার পরিত্যক্ত সরকারি প্লট অবমুক্ত না করেই জাল কাগজপত্র তৈরি ও ভুয়া রেকর্ড উপস্থাপনের মাধ্যমে দখলের সুযোগ সৃষ্টি করা হয়। পরে হস্তান্তর অনুমতি ও নামজারি অনুমোদনের মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

দুদক ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি প্রথমে রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে। পরে তদন্ত শেষে গত বছরের ৩১ ডিসেম্বর সালাম মুর্শেদীকে অন্তর্ভুক্ত করে মোট ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

গত বছরের ১ অক্টোবর সালাম মুর্শেদীকে গ্রেফতার করা হয় এবং এরপর থেকে তিনি কারাগারে আছেন।