নাটোর: জেলার লালপুরে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে জাকির আলী খাঁন ওরফে পনো (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
সোমবার (১৮ মে) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে উপজেলার চকনাজিরপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাকির আলী খাঁন উপজেলার উত্তর লালপুর গ্রামের মৃত আব্দুল বারি খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুর থেকে বনপাড়াগামী ঢাকা মেট্রো-ট ১৬-৮৩১৫ নম্বরের একটি ট্রাক চকনাজিরপুর বাজার এলাকায় পৌঁছে ব্যাটারিচালিত ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক জাকির আলী খাঁনের মৃত্যু হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনার সময় ট্রাকটি চালাচ্ছিলেন ট্রাকচালকের সহকারী মো. ইসরাইল হোসেন (৩১)। তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার বামনপাড়া গ্রামের মো. আব্দুল প্রামানিকের ছেলে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকসহ ইসরাইল হোসেনকে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।