Monday 18 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ‌নিবার ও রোববার আর্থিক প্রতিষ্ঠান খোলা

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ১৯:৪৩

ঢাকা: আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দেশে ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানসহ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ছুটির সময়সূচি ঘোষণা করা হয়েছে।

আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত সকল ফাইন্যান্স কোম্পানির ব্যবসা কেন্দ্র, শাখা ও বুথ বন্ধ থাকবে।

একই সঙ্গে নির্দেশনায় বলা হয়েছে, ছুটির আগে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রবিবার) অফিস খোলা রাখতে হবে।

সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ তথ্য জানায়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারকের আলোকে জারি করা এই নির্দেশনায় জানানো হয়, ঈদ উপলক্ষে একই সময়ে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসও বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

তবে জরুরি সেবাসমূহ এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা।

এছাড়া হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন, এবং জরুরি কাজে নিয়োজিত অফিসসমূহও ছুটির বাইরে থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক আলাদা নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রম নিয়ে সুপ্রিম কোর্ট এবং বেসরকারি শিল্প-কারখানার ছুটি সংক্রান্ত বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে।

সারাবাংলা/এসএ/এসআর