ঢাকা: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দেশের আমদানি-রফতানি বাণিজ্য সচল রাখতে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে (ঈদের দিন ব্যতীত) কাস্টমস হাউস ও কাস্টমস স্টেশনসমূহে সীমিত আকারে কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার (১৮ মে) এনবিআরে কাস্টমস নীতি বিভাগের সচিব রেজাউল করিম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আমদানি-রফতানি বাণিজ্যের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট কাস্টমস হাউস, স্টেশন ও ভ্যাট কমিশনারেটগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
নির্দেশনাটি দেশের প্রধান কাস্টমস হাউসগুলোর কমিশনারদের কাছে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, মোংলা, কমলাপুর আইসিডি, পানগাঁও ও ভোমরা কাস্টমস হাউস। এছাড়া বিভিন্ন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটকেও বিষয়টি জানানো হয়েছে।
এনবিআর জানিয়েছে, সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে অনুরোধ জানানো হয়েছে, যাতে ছুটির দিনেও আমদানি-রফতানি সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখা যায়।
একইসঙ্গে ব্যবসায়ী সংগঠনগুলোকেও বিষয়টি অবহিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, ফরেন চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, চট্টগ্রাম চেম্বার, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন ও ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্টরা ।