Sunday 17 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ব্যাংকে সেবার মান তদারকিতে মাসিক পর্যালোচনা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ১৯:৩৫

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগ ও শাখা অফিসের কার্যক্রমে নির্ধারিত সার্ভিস স্ট্যান্ডার্ড যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে নিয়মিত মাসিক পর্যালোচনা সভা শুরু হয়েছে।

রোববার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সভাপতিত্বে প্রথম এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ ব্যাংকের সব বিভাগ ও শাখা অফিসের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক ও ডেপুটি গভর্নররা অংশ নেন। সেখানে উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, মোট ৯০টি বিভাগ ও শাখা অফিসের মধ্যে ৪১টি নির্ধারিত সার্ভিস স্ট্যান্ডার্ড অনুযায়ী শতভাগ কাজ সময়মতো সম্পন্ন করেছে।

এ ছাড়া ৩২টি বিভাগ ও শাখা অফিস তাদের ৯০ শতাংশ কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করেছে। ১১টি বিভাগ ৮০ থেকে ৮৯ শতাংশ এবং বাকি ৬টি বিভাগ ও শাখা অফিস ৬৭ থেকে ৭৯ শতাংশ কাজ সময়সীমার মধ্যে শেষ করেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমের সঙ্গে জনগণের স্বার্থ সরাসরি জড়িত থাকায় সেবার মান আরও গতিশীল ও কার্যকর করতে গভর্নর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এ লক্ষ্যে সার্ভিস স্ট্যান্ডার্ড যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভায় গভর্নর সংশ্লিষ্ট সব বিভাগ ও শাখা অফিসকে নির্ধারিত সময়সীমা কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেন। একই সঙ্গে যেসব বিভাগ ও শাখা অফিস এখনো শতভাগ কাজ সময়মতো সম্পন্ন করতে পারেনি, তাদের কাজের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকলে তা দূর করতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার আশ্বাস দেন।