Sunday 17 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডুয়েটে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের বিবৃতি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ১৪:৩৪

– ছবি : সংগৃহীত

ঢাকা: গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি ও সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির পক্ষ থেকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

রোববার (১৭ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়। কিন্তু তার নিয়োগের পরপরই সাধারণ শিক্ষার্থীর লেবাসধারী ডুয়েটের ছাত্রশিবির সংশ্লিষ্ট কিছু নেতাকর্মী এই নিয়োগ বাতিল করে ডুয়েট থেকেই উপাচার্য নিয়োগের দাবি তুলে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের বাইরে থেকে উপাচার্য নিয়োগ একটি বহুল চর্চিত বিষয় হলেও এই বিষয়টিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ডুয়েট ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, ডুয়েটের বিদায়ী প্রশাসনের বিরুদ্ধে অস্বচ্ছতা, দলবাজি, অনৈতিকতা ও স্বেচ্ছাচারী নিয়োগসহ নানা অভিযোগ রয়েছে। এখন এই বিদায়ী প্রশাসন ও গুপ্ত সংগঠন ছাত্রশিবির মিলে একত্রে তাদের রাজনৈতিক এজেন্ডা অনুযায়ী বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই লক্ষ্যেই চার দিন ধরে জোরপূর্বক আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম স্থবির করে রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় সাধারণ শিক্ষার্থী নামে গুপ্ত সংগঠনের কর্মীরা ডুয়েট ক্যাম্পাসে সাংঘর্ষিক একটি পরিস্থিতি তৈরি করেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ ধরণের অপতৎপরতার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা ডুয়েট ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন।