Friday 15 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপি’র ১৬৮ সদস্যের চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৬ ১২:৪৭ | আপডেট: ১৫ মে ২০২৬ ১৩:০০

কমিটির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব এবং সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার ১৬৮ সদস্য বিশিষ্ট একটি বৃহৎ ও পূর্ণাঙ্গ নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দিনকে সদস্যসচিব করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার নতুন সাংগঠনিক যাত্রা শুরু হয়েছে। দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় রূপায়ন ট্রেড সেন্টার, বাংলামোটর, ঢাকা থেকে আগামী ৬ মাসের জন্য এই নতুন কমিটির অনুমোদন দিয়ে সাংগঠনিক নির্দেশ জারি করা হয়েছে। কমিটি ঘোষণার স্মারকে যৌথভাবে সই করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)।

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ মে) চট্টগ্রাম মহানগর এনসিপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। ঘোষিত এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাফর আহমদ চৌধুরী ও জসিম উদ্দিন ওপেল। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন নিজাম উদ্দিন এবং হুজ্জাতুল্লাহ বিন ফারুক। সাংগঠনিক সম্পাদক হিসেবে জোবাইর হোসেন, ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরী ও আশরাফুল হক টিপু এবং দফতর সম্পাদক হিসেবে রাফসান জানি রিয়াজ দায়িত্ব পেয়েছেন। কমিটিতে যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, বিভিন্ন সম্পাদকীয় পদ এবং সম্মানিত সদস্য হিসেবে সর্বমোট ১৬৮ জন নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

চট্টগ্রাম মহানগরে দলের নতুন এই কমিটি গঠন নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন বলেন, ৪১ ওয়ার্ডের সংগঠকদের নিয়ে প্রায় ১০০০ সংগঠকদের বাছাইকৃত তথ্য নিয়ে মহানগর কমিটি গঠিত হয়েছে। এখানে প্রাধান্য পেয়েছে প্রাক্তন রাজনীতিবিদ, চিকিৎসক, প্রকৌশলী, তরুণ জুলাইযোদ্ধা, প্রবাসী এবং স্থানীয় মান্যগণ্য ব্যক্তি। আগামীর চট্টগ্রামের রাজনীতির নতুন পাটাতন তৈরি করবে এই মহানগর কমিটি।