ঢাকা: রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা একটি বিশ্বাসভঙ্গের মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরসহ ৬ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১৭ জুন তাদের সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আদালত সূত্র জানায়, গত ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ সমন জারি করেন। বৃহস্পতিবার (১৪ মে) বিষয়টি প্রকাশ্যে এলে মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ সমনের তথ্য নিশ্চিত করে।
সমন পাওয়া অন্য ব্যক্তিরা হলেন- আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী, দুই সন্তান সারাফ নাওয়ার জয়ীতা ও আহমেদ রাফিদ কাদের ঋভু। এছাড়া শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী-কেও আদালতে হাজির হতে বলা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের আইনি জবাব দাখিলের সুযোগ দিতে আদালত এ সমন জারি করেন। নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত হয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে বলা হয়েছে।