Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বকশিশ না পাওয়ায় অক্সিজেন মাস্ক খুলে দেওয়ার অভিযোগ, শ্বাসকষ্টে রোগীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ০৯:১১ | আপডেট: ১৪ মে ২০২৬ ০৯:১৬

বরিশাল: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে বকশিশ না পেয়ে রোগীর অক্সিজেন মাস্ক খুলে ফেললে শ্বাসকষ্টে দিপালী সিকদার (৪০) নামে এক মুমূর্ষু রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের মেডিসিন ইউনিটে কর্মচারী ও রোগীর স্বজনদের মধ্যে হাতাহাতি হয়।

‎মৃত দিপালী সিকদার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব খরকি গ্রামের শংকর শিকদারের স্ত্রী।

‎দিপালীর ভাই মিলন হালদার জানান, শ্বাসকষ্ট নিয়ে বেলা ৩টায় বোনকে হাসপাতালের মেডিসিন ইউনিটে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে টানা দুই ঘণ্টা অক্সিজেন দিয়ে রাখার নির্দেশনা দেয়। কিন্তু শয্যা সংকট ও অক্সিজেন পয়েন্টের অব্যবস্থাপনার কারণে একটি ট্রলিতে রেখে দিপালীকে অক্সিজেন দেওয়া হচ্ছিল।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, দিপালী যখন অক্সিজেনের সহায়তায় বাঁচার লড়াই করছিলেন তখন মেডিসিন ইউনিট-১ এর কর্মচারী সোহেল সেখানে উপস্থিত হন। পাশের এক রোগীর স্বজনরা ট্রলি নেওয়ার জন্য সোহেলকে ২০০ টাকা দেয়। টাকার লোভে সোহেল আমার বোনের ছটফটানি উপেক্ষা করেই অক্সিজেনের লাইনটি বিচ্ছিন্ন করে দেয়। আমরা হাত-পা ধরলেও সে শোনেনি। অক্সিজেন খোলার ঠিক দুই মিনিটের মাথায় আমার বোন মারা যায়। এটা মৃত্যু নয়, এটা খুন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, দিপালীর মৃত্যুর পর স্বজনরা ক্ষুব্ধ হয়ে কর্মচারী সোহেলের উপর চড়াও হয়। এ সময় তারা সোহেলকে মারধর করলে অন্য কর্মচারীরা এসে তার পক্ষ নেয়। তখন উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আনসার সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করে।

‎দায়িত্বরত আনসার সদস্য নিঠুর রঞ্জন বলেন, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজিত স্বজনরা সোহেল নামের ওই কর্মচারীকে মারধর করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করি। রোগীটি আগে থেকেই গুরুতর শ্বাসকষ্টে ভুগছিলেন। এ ঘটনার পর কর্মচারী সোহেল হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।

‎হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মশিউল মুনীর বলেন, তিনি ঘটনা জানেন না। জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর