Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যয় হবে সাড়ে ৩৪ হাজার কোটি টাকা
একনেকে পদ্মা ব্যারেজ (১ম পর্যায়) প্রকল্প অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৬ ১৬:০৭ | আপডেট: ১৩ মে ২০২৬ ১৭:০৭

পদ্মা ব্যারেজ – কোলাজ প্রতীকী ছবি

ঢাকা: বহুল আলোচিত ‘পদ্মা ব্যারেজ (১ম পর্যায়)’সহ ৩টি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে ‘জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এতে মোট ব্যয় হবে ৩৬ হাজার ২১১ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে শুধু পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নেই ব্যয় হবে ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা।

এছাড়া বৈঠকে ৬টি সংশোধিত প্রকল্প প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে মোট ব্যয় বাড়ছে ৪৮৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা।

বুধবার (১৩ মে) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন তারেক রহমান। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বৈঠক শেষে জানানো হয়, শুষ্ক মৌসুমে পদ্মা নদীতে পানির ঘাটতি মোকাবিলা এবং দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সামগ্রিক পানি ও পরিবেশ ব্যবস্থাপনায় ‘পদ্মা ব্যারেজ (১ম পর্যায়) প্রকল্প’ অনুমোদন দেওয়া হয়েছে। আগামী জুলাই থেকে জুন ২০৩৩ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করে স্বাদু পানির প্রবাহ ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে।

জানা যায়, এর আগে প্রকল্পটি কয়েক দফা একনেক সভায় উপস্থাপন করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রকল্পটি একনেক সভায় উপস্থাপন করা হলেও অনুমোদন দেওয়া হয়নি।

অপর দুটি নতুন প্রকল্প হচ্ছে- ১ হাজার ৩২৯ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে ‘জেলা শহরে বিদ্যমান মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৩০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে উন্নীতকরণ/পুনর্নিমাণ (প্রথম ধাপ)’; প্রকল্পটির মেয়াদ তিন বছর, আগামী জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত।

আরেকটি হচ্ছে- ৩৮৫ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে ‘সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সমস্যা নিরসনে ৪X এসএম ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প’।

ছয় সংশোধিত প্রকল্পে ব্যয় বাড়ছে ৪৮৩ কোটি ৮০ লাখ টাকা

একনেক সভায় ইতোপূর্বে অনুমোদিত ৬টি প্রকল্পের সংশোধিত প্রস্তাব অনুমোন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো হচ্ছে- ‘সরকারি শিশু পরিবার এবং ছোটমনি নিবাস নির্মাণ/পুনঃনির্মাণ (২য় সংশোধন) প্রকল্প’ (ব্যয় বেড়েছে ২০৮ কোটি ২৬ লাখ টাকা);

‘ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য ধনুয়া হতে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প (১ম সংশোধন) প্রকল্প’ (ব্যয় বেড়েছে ২০৪ কোটি ৭৯ লাখ টাকা);

‘চট্টগ্রাম সিটি আউটার রিং রোড (পতেঙ্গা হতে সাগরিকা) (৫ম সংশোধিত) প্রকল্প’ (ব্যয় বেড়েছে ৭৭ কোটি ৯২ লাখ টাকা);

‘গণগ্রন্থাগার অধিদফতরের বহুতল ভবন নির্মাণ (২য় সংশোধন) প্রকল্প’ (ব্যয় বেড়েছে ৫৯ কোটি ৫৮ লাখ টাকা);

‘চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন (২য় সংশোধন) প্রকল্প’ (ব্যয় বেড়েছে ৮ কোটি ৯৬ লাখ টাকা);

‘হাই-টেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ (৩য় সংশোধন)প্রকল্প’ (ব্যয় বেড়েছে ২ কোটি ২০ লাখ টাকা);

এছাড়া সভায় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ০২টি প্রকল্প সর্ম্পকে একনেক সভায় অবহিত করা হয়। সেগুলো হচ্ছে- ময়মনসিংহ জিলা স্কুল, ময়মনসিংহ এর অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ এবং ‘বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলায় বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প’।