চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভার থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১১ মে) রাত ৩টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহত যুবকের নাম কাউসার আহমেদ। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আকবর শাহ থানার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে। কাউসার বিএসআরএম কারখানায় খণ্ডকালীন পাহারাদার হিসেবে কাজ করতেন।
চাকরির সুবাদে তিনি চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার আকবর শাহ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। মা ও তিন ভাইকে নিয়ে একই বাসায় থাকতেন কাউসার। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায়।
স্থানীয়রা ফ্লাইওভারের ওপর কাউসারের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে তারা। এদিকে মরদেহ উদ্ধারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কাউসারের রাজনৈতিক পরিচয় নিয়ে আলোচনা শুরু হয়।
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুরুল আবছার বলেন, ‘পরিবারের পক্ষ থেকে থানায় কারও বিরুদ্ধে অভিযোগ করা হয়নি। পরিবার জানিয়েছে, কাউসার দীর্ঘদিন ধরে মাদক গ্রহণের সঙ্গে জড়িত ছিলেন। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে এবং ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’