Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিজনভ্যান দুর্ঘটনায় পলকের ঘাড়ে ও কোমরে হাড় সরে যাওয়ার অভিযোগ

স্টাফ করেসপন্ডেট
১২ মে ২০২৬ ১৮:৩১ | আপডেট: ১২ মে ২০২৬ ২১:৪৮

ঢাকা: সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রিজনভ্যানে দুর্ঘটনায় আহত হওয়ার পর তার ঘাড় ও কোমরে গুরুতর সমস্যা ধরা পড়েছে বলে জানিয়েছেন আইনজীবী। এমআরআই প্রতিবেদনে ঘাড়ের দুটি এবং কোমরের তিনটি হাড় সরে যাওয়ার তথ্য উঠে এসেছে বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) পলকের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে দুর্ঘটনার পর আদালতে এমআরআই করানোর আবেদন করা হয়। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে পিজি হাসপাতালে তার এমআরআই সম্পন্ন হয়।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, প্রতিবেদনে দেখা গেছে পলকের কোমরের এল-২, এল-৩ ও এল-৪ অংশে সমস্যা রয়েছে। এছাড়া ঘাড়ের সি-৫/৬ ও সি-৬/৭ ডিস্কেও জটিলতা ধরা পড়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পলক আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। সম্প্রতি কারাগারে দেখা করতে গেলে তিনি ঘাড় নাড়াতে পারছিলেন না বলেও দাবি করেন আইনজীবী। যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে না অভিযোগ তুলে আদালতে চিকিৎসার আবেদন করা হবে বলেও জানান তিনি।

প্রিজনভ্যান দুর্ঘটনার বিষয়ে তরিকুল ইসলাম বলেন, ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ একটি মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। মামলায় সজীব ওয়াজেদ জয় পলাতক থাকলেও পলক বর্তমানে কারাগারে আছেন।