ঢাকা: বিদেশে ভিসা আবেদনের ক্ষেত্রে জমা দেওয়া ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট ও ইনভেস্টমেন্ট সার্টিফিকেট ডিজিটালি যাচাইযোগ্য করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক । এখন থেকে এসব দলিলে বাধ্যতামূলকভাবে অনলাইন যাচাইযোগ্য কুইক রেসপন্স (কিউআর) কোড সংযুক্ত করতে হবে।
মঙ্গলবার (১২ মে) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়। এটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়, বিভিন্ন দেশের দূতাবাস ও ভিসা সেন্টারে ভিসা আবেদনের সময় বাংলাদেশি নাগরিকদের ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট ও ইনভেস্টমেন্ট–সংক্রান্ত দলিল জমা দিতে হয়। তবে তাৎক্ষণিকভাবে এসব তথ্য যাচাইয়ের সুযোগ না থাকায় দূতাবাস ও ভিসা সেন্টারগুলোকে নানা সমস্যায় পড়তে হচ্ছে।
এ অবস্থায় ভিসা আবেদন নিষ্পত্তির সময় ও প্রশাসনিক ব্যয় কমাতে এবং দলিল যাচাই সহজ করতে ব্যাংকগুলোকে ডিজিটালি যাচাইযোগ্য ব্যবস্থা চালুর পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নির্দেশনা অনুযায়ী, কিউআর কোড স্ক্যান করে অন্তত পাঁচটি তথ্য যাচাই করা যাবে। এগুলো হলো—অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্টধারীর নাম, বিবরণীর শুরুর ব্যালেন্স, শেষের ব্যালেন্স এবং বিবরণী তৈরির তারিখ।
এ ছাড়া এসব তথ্য অন্তত ছয় মাস সংরক্ষণ ও অনলাইনে যাচাইযোগ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সার্কুলার জারির তারিখ থেকে ৯০ দিনের মধ্যে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা প্রস্তুত করতে হবে। একই সঙ্গে এ ব্যবস্থা চালুর ক্ষেত্রে সাইবার নিরাপত্তা ও তথ্য সংরক্ষণ সংক্রান্ত বিদ্যমান বিধি-বিধান অনুসরণের কথাও বলা হয়েছে।