Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমানত ফেরত পেতে চট্টগ্রামে ব্যাংকের সামনে গ্রাহকদের অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ১৬:৫০

– ছবি : সংগৃহীত

চট্টগ্রাম: হেয়ার কাট নীতি বাতিল, লেনদেন স্বাভাবিক করা এবং আমানতের টাকা ফেরতের দাবিতে চট্টগ্রামের এনায়েতবাজারে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

সোমবার (১১ মে) সকাল ১১টার দিকে গ্লোবাল ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের শাখার সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। এ সময় তারা গ্লোবাল ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেন।

ভুক্তভোগী আমানতকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও নির্বাচিত সরকার ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা বলেন, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালের জন্য আমানতের ওপর মাত্র ৪ শতাংশ হারে মুনাফা নির্ধারণ করা হয়েছে, যা লাখো আমানতকারীকে ক্ষতির মুখে ফেলবে।

বিজ্ঞাপন

আমানতকারী স্কুল শিক্ষক রাকিব উদ্দীন সারাবাংলাকে বলেন, আমার কষ্টার্জিত টাকা ব্যাংকে রেখে পরিবার নিয়ে আজ বিপদের মধ্যে আছি। আমরা চাই সরকার আমাদের সাথে আস্থা দিয়ে কথা বলুক।

‘গ্লোবাল ইসলামী ব্যাংকে টাকা রেখে এমন পরিস্থিতিতে পড়তে হবে কখনো ভাবিনি। কষ্টার্জিত অর্থ ভালো মুনাফার আশায় ব্যাংকে রেখেছিলাম। এখন উল্টো আমানতই ঝুঁকিতে পড়েছে।’

আরেক গ্রাহক, সাবরিনা মুস্তফা বলেন, ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত হয়ে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের পর থেকেই গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন। আমানতের অর্থ উত্তোলনে নানা জটিলতার পাশাপাশি এখন ‘হেয়ার কাট’ নামে জমা অর্থের একটি অংশ কেটে রাখার আশঙ্কাও তৈরি হয়েছে বলে জানান তিনি।’

প্রসঙ্গত, তিন দফা দাবিতে একীভূত পাঁচ ব্যাংকের শাখায় শাখায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন ব্যাংকের গ্রাহকরা। দাবি তিনটি হচ্ছে- অবিলম্বে আমানতের টাকা ফেরত দিতে হবে, হেয়ার কাট বাতিল করতে হবে, সকল প্রকার লেনদেন স্বাভাবিক করা।