Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজযাত্রীদের সেবায় সৌদির নতুন হটলাইন

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মে ২০২৬ ১৩:৩১

ঢাকা: সৌদি আরবে আগত হজ ও ওমরাহ পালনকারীদের যাত্রা আরও নির্বিঘ্ন করতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বিদেশি মেহমানদের সুবিধার্থে এখন থেকে দিন-রাত ২৪ ঘণ্টা ১১টি ভিন্ন ভাষায় তাৎক্ষণিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ একটি হটলাইন নম্বরের মাধ্যমে হজযাত্রীরা এখন থেকে যেকোনো সময় প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা গ্রহণ করতে পারবেন।

সম্প্রতি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ‘১৯৬৬’ নম্বরে কল করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলিমরা সরাসরি তাদের সমস্যার কথা জানাতে পারবেন। এই সেবার মূল উদ্দেশ্য হলো ভাষাগত জটিলতা দূর করে হজযাত্রীদের অভাব-অভিযোগ শোনা এবং দ্রুত সেগুলোর সমাধান নিশ্চিত করা। বিশেষ করে কোনো হজযাত্রী যদি সেবার মান নিয়ে অসন্তুষ্ট হন বা কোনো জরুরি পরিস্থিতির সম্মুখীন হন, তবে এই কল সেন্টারের মাধ্যমে তিনি দ্রুত প্রতিকার পাবেন।

বিজ্ঞাপন

আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই যোগাযোগ কেন্দ্রে এমন দক্ষ কর্মীদের নিয়োজিত করা হয়েছে, যারা নির্দিষ্ট ভাষাগুলোতে পারদর্শী। ফলে হাজিরা নিজেদের মাতৃভাষায় কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। প্রাপ্ত কলগুলো বিশ্লেষণের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নিতে মন্ত্রণালয় একটি স্বয়ংক্রিয় এবং সমন্বিত সিস্টেম তৈরি করেছে, যা অন্যান্য সরকারি দফতরের সঙ্গেও যুক্ত।

এই উদ্যোগের ফলে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে বিদেশি নাগরিকদের যোগাযোগের দূরত্ব যেমন ঘুচবে, তেমনি হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। মূলত হজযাত্রীদের ভ্রমণকে আরও সহজ ও নিরাপদ করার লক্ষ্যেই প্রযুক্তিনির্ভর এই বিশেষ সেবা চালু করা হয়েছে।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর