Saturday 09 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচ্ছেদের আগেই বিয়ে: নাসির-তামিমার বিরুদ্ধে মামলার রায় ১০ জুন

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১৮:০৪ | আপডেট: ৬ মে ২০২৬ ২০:২৫

ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি – ছবি : সংগৃহীত

ঢাকা: আইনগতভাবে বিচ্ছেদের আগেই বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলার আগামী ১০ জুন রায় ঘোষণা করা হবে।

বুধবার (৬ মে) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ দিন ধার্য করেন।

বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান জানান, আজকে মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ছিল। বাদীপক্ষে তিনি যুক্তি তুলে ধরেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ ‘প্রমাণিত হয়েছে’ দাবি করে সর্বোচ্চ সাজার আবেদন জানান তিনি।

ক্রিকেটার নাসিরের পক্ষে অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু এবং তামিমার পক্ষে অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন জসীম যুক্তি উপস্থাপন করেন। অভিযোগ ‘প্রমাণিত হয়নি’ দাবি করে ওই দম্পতির খালাস চান তারা।

বিজ্ঞাপন

শুনানির পুরো আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন নাসির হোসেন ও তামিমা। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের দিন ধার্য করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমার সঙ্গে রাকিব হোসেনের বিয়ে হয়। তাদের আট বছরের একটি মেয়েও রয়েছে। কিন্তু রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও নাসির বিয়ে করেন।

২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। এরপর ২৪ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তিনি এই মামলা করেন।

সে বছর ৩০ সেপ্টেম্বর নাসির, তামিমা ও তার মা সুমি আক্তারকে আসামি করে আদালতে প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা শেখ মিজানুর রহমান।

২০২২ সালের ৯ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে নাসির ও তামিমার বিচার শুরুর আদেশ দেন আদালত। তবে নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিচ্ছেদের আগেই নাসির তামিমার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসময় ব্যাপক আলোচনা সমালোচনা হয়। বেশির ভাগ মানুষের মন্তব্য ছিল নাসির তামিমার এই অপরাধের বিচার না হলে সমাজে ভয়াবহ আকারে এ রকম বিয়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।