ঢাকা: চীন সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। মঙ্গলবার বেলা ২টায় বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এই প্রথম উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দল বেইজিং সফরে যাচ্ছেন। শুভেচ্ছা এই সফরে চুক্তি ও সমঝোতার সম্ভাবনা খুবই কম।
জানা গেছে, ৫ই মে শুরু হওয়া এই সফর শেষ হবে ৭ই মে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটা ড. খলিলের প্রথম চীন সফর। এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে বেইজিং সফর করেছিলেন তিনি।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক শাখা এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে ড. খলিলের এই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিষেশজ্ঞরা। চব্বিশের গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এই প্রথম কোনো নির্বাচিত সরকারের প্রতিনিধি দল চীন যাচ্ছেন। এ নিয়ে ঢাকার কূটনৈতিক মহলে নানা আলোচনা চলছে।
কেউ কেউ বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশ সফর হিসেবে প্রথম কোন দেশের অতিথি হবেন তা এই সফরের পরই নির্ধারিত হবে।