ঢাকা: নারী আসনের সংসদ সদস্যরা সাহস ও নিষ্ঠার সঙ্গে জনগণের অধিকার আদায়ে কাজ করবেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলটির সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা দুই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা সেখানে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতিতে তরুণ প্রজন্মের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্মাণে মেধাবী ও শিক্ষিত তরুণীদের রাজনীতিতে এগিয়ে আসা প্রয়োজন। তাদের দূরদর্শী ও প্রগতিশীল চিন্তাধারা আগামী দিনে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
এ সময় তিনি ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হৃদয়ে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
দলীয় সংসদ সদস্যদের প্রতি দিকনির্দেশনা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, নারী এমপিদের শুধু সংসদের ভেতরে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং রাজপথেও সমানভাবে সক্রিয় থাকতে হবে। বেগম খালেদা জিয়ার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র রক্ষায় তাদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের অধিকার ফিরিয়ে আনাই হবে তাদের মূল লক্ষ্য।