ঢাকা: সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে প্রত্নতত্ত্ব অধিদফতরে ৫৩৫টি নিদর্শন তালিকাভুক্ত করে সেগুলো নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সোমবার (৪ মে) ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের সেশন শেষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জেলায় কোথায় কোথায় কী ধরনের দর্শনীয় স্থান রয়েছে এবং কোথায় পর্যটনকেন্দ্র গড়ে তোলা যায়-এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া প্রত্নতত্ত্ব অধিদফতর, শিল্পকলা অ্যাকাডেমি, পাবলিক লাইব্রেরি ও গণগ্রন্থাগার সংশ্লিষ্ট নানা বিষয়ও উঠে এসেছে।
তিনি আরও বলেন, কোথাও কোথাও অডিটোরিয়ামের প্রয়োজনীয়তার কথাও জেলা প্রশাসকরা তুলে ধরেছেন। এসব সমস্যার সমাধান জরুরি। পাশাপাশি প্রাচীন নিদর্শন সংরক্ষণ ও উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে।
এক প্রশ্নের জবাবে সংস্কৃতি মন্ত্রী বলেন, ‘দেশের পুরনো অনেক স্থাপনায় এখনো কাজ হয়নি। অতীতে এ মন্ত্রণালয়ে তেমন কার্যক্রম না থাকায় এমনটি হয়েছে। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদফতরের আওতায় ৫৩৫টি নিদর্শন তালিকাভুক্ত করে সেগুলো নিয়ে কাজ চলছে। ভবিষ্যতে এ খাতে আরও বিস্তৃত পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এসব বিষয় বাস্তবায়নে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’