ঢাকা: বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন (আইবিএ) এর এশিয়া প্যাসিফিক রিজিওনাল ফোরামের (এপিআরএফ) লিটিগেশন কমিটির লিয়াজোঁ অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন। ২০২৬-২০২৭ মেয়াদের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
রোববার (৩ মে) মাহবুব অ্যান্ড কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দায়িত্বে তিনি আইবিএ ও এপিআরএফের লিটিগেশন কমিটির মধ্যে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পাশাপাশি মামলাসংক্রান্ত বিষয়ে সহযোগিতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং কৌশলগত সম্পৃক্ততা জোরদারে কাজ করবেন।
এর আগে ২০২৪-২০২৬ মেয়াদে তিনি একই ফোরামের প্রফেশনাল ওয়েলবিয়িং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৪৭ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন বিশ্বজুড়ে আইনজীবী, বার অ্যাসোসিয়েশন ও ল সোসাইটিগুলোর অন্যতম প্রধান সংগঠন। বর্তমানে সংস্থাটিতে রয়েছে ৮০ হাজারের বেশি আইনজীবী এবং প্রায় ১৯০টি বার অ্যাসোসিয়েশন ও ল সোসাইটি, যা বিশ্বের ১৭০টিরও বেশি বিচারব্যবস্থাকে অন্তর্ভুক্ত করে। আইবিএ বিশ্বব্যাপী আইনের শাসন প্রতিষ্ঠা, আইন সংস্কার এবং আইনি পেশার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এশিয়া প্যাসিফিক রিজিওনাল ফোরাম আইবিএর আঞ্চলিক সমন্বয়কারী হিসেবে কাজ করে এবং এ অঞ্চলের আইনজীবীদের মধ্যে পেশাগত সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখে।
এই নিয়োগ আন্তর্জাতিক পরিসরে ব্যারিস্টার সাকিব মাহবুবের সক্রিয় সম্পৃক্ততারই প্রতিফলন। একই সঙ্গে বৈশ্বিক আইনি অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও জোরদার হওয়ার ইঙ্গিত দেয়।
উল্লেখ্য, তার বাবা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নবগঠিত নির্বাহী কমিটির যৌথ নেতৃত্বে রয়েছেন সিঙ্গাপুরভিত্তিক অ্যালেন অ্যান্ড গ্লেডহিলের কো-হেড দিনেশ ধিলন এবং দক্ষিণ কোরিয়ার সিউলভিত্তিক ইউলচন ফার্মের পার্টনার সান হি কিম। তাদের নেতৃত্বে ফোরামটি আঞ্চলিক সহযোগিতা ও পেশাগত উৎকর্ষতা আরও এগিয়ে নিতে কাজ করবে।