Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হামের প্রকট, ঝুঁকিতে শিশু স্বাস্থ্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২৬ ১৪:০৪

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে সংক্রামক ভাইরাসজনিত রোগ হাম উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় জেলার হাসপাতালগুলোতে তীব্র চাপ সৃষ্টি হয়েছে। অনেক ক্ষেত্রে রোগীদের বেডের অভাবে মেঝে ও সিঁড়িতে চিকিৎসা নিতে দেখা গেছে, যা জনস্বাস্থ্যের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করছে।

গত তিন মাসে জেলার সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, আক্রান্তদের বেশিরভাগই ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশু, যাদের অনেকেই এখনো পূর্ণ টিকাদানের আওতায় আসেনি।

জেলা সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, বেড সংকট চরমে পৌঁছেছে। শিশু রোগীদের অনেককেই মেঝেতেই চিকিৎসা দেওয়া হচ্ছে। কোথাও কোথাও সিঁড়ির ধাপেও রোগী রাখা হয়েছে। এতে সংক্রমণ আরও বিস্তারের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

রোগীর স্বজনদের অভিযোগ, পর্যাপ্ত বেড ও সেবার অভাবে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এক অভিভাবক জানান, তার শিশুর জ্বর, শরীরে ফুসকুড়ি ও চোখ লাল হয়ে যাওয়ার উপসর্গ দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হলেও বেড না পেয়ে মেঝেতেই থাকতে হচ্ছে।

চিকিৎসকদের মতে, হাম অত্যন্ত সংক্রামক এবং দ্রুত ছড়ায়। এর প্রধান উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, লালচে ফুসকুড়ি, চোখ লাল হওয়া এবং মুখে ঘা। সময়মতো চিকিৎসা না নিলে জটিলতা বাড়তে পারে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আব্দুস সামাদ জানান, রোগীর চাপ সামাল দিতে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। আইসোলেশন ইউনিটে চিকিৎসক সংখ্যা বাড়ানো হয়েছে এবং সন্ধ্যা ও রাতের শিফট চালু করা হয়েছে।

অন্যদিকে সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই মধ্যে প্রায় ৮৭ শতাংশ শিশু টিকার আওতায় এসেছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে সংক্রমণ কমে আসবে বলে আশা করা হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত তিন মাসে জেলায় হাম আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে এবং এক হাজারের বেশি মানুষ চিকিৎসা নিয়েছেন। এ সময় জেলার পাঁচটি উপজেলায় দেড় লাখের বেশি শিশুকে টিকাদানের আওতায় আনা হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আবারও বাড়ল সোনার দাম
৭ মে ২০২৬ ১১:৫৪

আরো

সম্পর্কিত খবর