নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।
শনিবার (২ মে) সকাল ৮টার দিকে জেলার পুর্বধলার শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের পাশে ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী যাত্রীবাহী বাস ‘আল্লাহ দান’ এবং বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আয়নাল হক (৫৭) নামে একজনসহ অপর একজন অজ্ঞাত ব্যক্তি মারা যান।
আহতদের স্থানীয় পুর্ব ধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত আয়নাল হক জেলার পূর্বধলা উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের মৃত কাসেম আলীর ছেলে।
এ ঘটনায় আহতরা হলেন, পুর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের দক্ষিণ কালডোয়ার গ্রামের কাসেম আলীর ছেলে মোল্লা মিয়া (৪৫), পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. সারা তাবাসসুম উর্মি (এমবিবিএস) এবং ময়মনসিংহের ফুলপুর থানার আব্দুল আজিজের ছেলে মো. মনির হোসেন (২৩)।
জানতে চাইলে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই জন নিহত হয়েছে। একজনের পরিচয় জানা যায়নি। গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটির চালক পলাতক রয়েছেন।