Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ১৯:২০

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ।

শুক্রবার (১ মে ) বিকেলে বালাসীঘাট এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী, পরিবহন শ্রমিকসহ নানা পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে ‘সেতু চাই, উন্নয়ন চাই’, ‘বালাসী-বাহাদুরাবাদে সেতু নির্মাণ এখনই’সহ বিভিন্ন স্লোগান দেন। বক্তারা বলেন, ব্রহ্মপুত্র নদের এ গুরুত্বপূর্ণ পয়েন্টে দীর্ঘদিন ধরে সেতুর দাবি জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। ফলে প্রতিদিন হাজারো মানুষকে ঝুঁকি নিয়ে নৌপথে পারাপার হতে হচ্ছে।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে নদীর স্রোত ও ভাঙনের কারণে নৌযান চলাচল ব্যাহত হয়, দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যায়। এতে শিক্ষার্থী, রোগী ও জরুরি কাজে যাতায়াতকারী সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন। একটি সেতু নির্মিত হলে গাইবান্ধা ও জামালপুর জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্য, কৃষি ও পর্যটন খাতে ব্যাপক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মনে করেন তারা।

বক্তারা আরও বলেন, বালাসীঘাট-বাহাদুরাবাদ রুটটি ঐতিহাসিক ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসময় এ পথেই রেল ও নৌ যোগাযোগের মাধ্যমে দেশের উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর সংযোগ ছিল। বর্তমানে একটি আধুনিক সেতু নির্মাণ করা গেলে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

এছাড়া মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হয়। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর