ঢাকা: ব্যাংক খাতে তারল্য ব্যবস্থাপনা আরও কার্যকর করতে জারি করা ‘গাইডলাইস ফর ওপেন মার্কেট অপারেশনস’ কার্যকরের সময়সীমা পিছিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গাইডলাইনটি ৩ মে’র পরিবর্তে আগামী ১ জুন থেকে কার্যকর হবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের (ডিএমডি)জারি করা সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি জারিকৃত সার্কুলারের মাধ্যমে মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং ব্যাংক ব্যবস্থায় সুষম তারল্য নিশ্চিত করতে এ গাইডলাইন চালুর ঘোষণা দেওয়া হয়।
সংশোধিত নির্দেশনায় বলা হয়েছে, অনিবার্য কারণবশত কার্যকরের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে গাইডলাইনে বর্ণিত অন্যান্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
এ নির্দেশনা দেশের সকল তফসিলি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির জন্য প্রযোজ্য হবে।