ঢাকা: দেশের ইসলামি ব্যাংক খাতে সুশাসন, স্বচ্ছতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অবসরপ্রাপ্ত ব্যাংকারদের সংগঠন ‘এসোসিয়েশন অব রিটায়ার্ড ইসলামী ব্যাংকার্স’ (আরিব)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংগঠনটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটির কার্যনির্বাহী কমিটির এক বৈঠকে সম্প্রতি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে
সরকারের প্রতি পাঁচ দফা দাবি জানানো হয়েছে। এগুলো হচ্ছে-
১) ব্যাংক রেজুলেশন আইনের ১৮(ক) ধারা বাতিল;
২) ব্যাংক থেকে দুর্নীতির সাথে জড়িতদের অপসারণ;
৩) পাচার হওয়া অর্থ ফেরত আনার কার্যকর উদ্যোগ;
৪) সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং
৫) ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং বর্তমান প্রধান নির্বাহীকে দায়িত্বে পুনর্বহাল।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক খাতে জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হলে সুশাসন, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এমন কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানানো হয়, যা নতুন করে আস্থার সংকট সৃষ্টি করতে পারে।