ঢাকা: ‘ইসলামী ব্যাংকসমূহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনা’ এবং ‘ইসলামী ব্যাংকের ওপর সরকার বা কেন্দ্রীয় ব্যংকের নগ্ন হস্তক্ষেপ’ প্রতিবাদ জানিয়েছেন ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকরা।
বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ‘ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এক মানব বন্ধন কর্মসূচী থেকে এ প্রতিবাদ জানানো হয়।
কর্মসূচী পালন শেষে সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বরাবর পৃথক পৃথক স্মারকলিপি দেওয়া হয়।
মানব বন্ধন কর্মসূচি পালনকালে ভুক্তভোগী গ্রাহকরা বলেন, ইসলামী ব্যাংকের স্বার্থ ক্ষুণ্ণ করার কোনো অপচেষ্টা হলে দেশের প্রায় ৩ কোটি গ্রাহক ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে।
তারা বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে এস আলম গ্রুপ বিভিন্ন নামে-বেনামে প্রায় ২২টি কোম্পানি খুলে ইসলামী ব্যাংকের আমানতকারীদের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে।
এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তারা বলেন, ইসলামী ব্যাংকের কোনো শাখায় এস আলম গ্রুপের কোনো প্রতিনিধি বা তাদের সহযোগীদের স্থান দেওয়া হবে না। এ ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য সাধারণ গ্রাহকদের প্রতি আহ্বান জানানো হয়।