Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেরে বাংলা ছিলেন অখণ্ড ভারতের প্রভাবশালী রাজনীতিক: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৬ ১৩:১৬ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৫:৪৬

ঢাকা: শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) এক বার্তায় প্রধানমন্ত্রী এই মহান নেতাকে স্মরণ করে বলেন, অবিভক্ত বাংলার রাজনৈতিক ইতিহাসে ক্ষণজন্মা নেতাদের মধ্যে শেরে বাংলা অন্যতম, যার অবদান আজও স্মরণীয়। তিনি শেরে বাংলাকে অখণ্ড ভারতের একজন প্রভাবশালী রাজনীতিক হিসেবে অভিহিত করেন।

প্রধানমন্ত্রী তার বাণীতে উল্লেখ করেন, ১৯৪০ সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপনের মাধ্যমে এ কে ফজলুল হক উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন। তার বলিষ্ঠ ও বিচক্ষণ নেতৃত্ব এ অঞ্চলের রাজনীতিতে গভীর ও স্থায়ী প্রভাব ফেলেছিল। প্রধানমন্ত্রী আরও বলেন, শেরে বাংলা ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের প্রকৃত বন্ধু। কৃষিনির্ভর অর্থনীতির সাথে রাজনীতির যে গভীর সম্পর্ক রয়েছে, সেটি তিনি প্রথম অনুধাবন করেন এবং কৃষকদের স্বার্থকে মূলধারার রাজনৈতিক কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করেন।

বিজ্ঞাপন

বার্তায় আরও বলা হয়, ১৯৩৭ সালে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে শেরে বাংলা কৃষক-শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়ন, প্রশাসনকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করা এবং শিক্ষার প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, আবুল কাশেম ফজলুল হক কেবল কৃষকদের নেতা ছিলেন না; তিনি ছিলেন সর্বধর্ম-বর্ণের মানুষের নেতা এবং অখণ্ড ভারতের রাজনীতির অন্যতম প্রধান পুরুষ। তার মানবিকতা, মমতা ও আপসহীন রাজনৈতিক অবস্থান তাকে সর্বভারতীয় রাজনীতিতে এক অনন্য ও উচ্চ আসনে অধিষ্ঠিত করেছে। বাণীর শেষে প্রধানমন্ত্রী শেরে বাংলার রাজনৈতিক দর্শনকে বর্তমান সময়েও অত্যন্ত প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর