ঢাকা: সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়ার পর আপিল করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
রোববার (২৬ এপ্রিল) দুপুর ২টায় আপিল আবেদন জমা দিতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে যাবেন এনসিপির এই যুগ্ম আহ্বায়ক। এনসিপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান তার মনোনয়ন বাতিল ঘোষণা করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আপিলের কথা জানিয়েছিলেন মনিরা শারমিন।
গত বুধবার (২২ এপ্রিল) জামায়াত জোট মনোনীত ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তবে মনিরা শারমিনের মনোনয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। শুনানিতে জানা যায়, মনিরা শারমিন আগে সরকারি চাকরিতে কর্মরত ছিলেন এবং বেতন-ভাতা গ্রহণ করেছেন। তিনি ২০২৫ সালের ডিসেম্বরে চাকরি থেকে অব্যাহতি নেন।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর বা অব্যাহতির পর তিন বছর অতিক্রান্ত না হলে নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা অর্জিত হয় না। এ বিধান বিবেচনায় নিয়েই তার প্রার্থিতা যাচাই করা হয়।
এদিকে, এনসিপির আরেক নেত্রী নুসরাত তাবাসসুম গত মঙ্গলবার (২১ এপ্রিল) নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় তা আমলে নেননি রিটার্নিং কর্মকর্তা।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ২৬ এপ্রিল নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। আর নির্বাচন হবে ১২ মে।